Skip to content

আরিফ আজাদের লেখার প্যারাগ্রাফ সামান্য ওপর নিচ করে

2 min read1 views

কী দুর্ভাগ্য আমাদের, আজ আমাদের এতো দুর্দশা যে, চারপাশে যারা অধিক মিথ্যা কথা বলে, তাদেরকেই আমরা অবলীলায় মেনে চলছি, নেতা বানাচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি। কোথায় হারালো মুসলমানদের সত্যের প্রতি সেই প্রতিশ্রুতি? মিথ্যা আর মিথ্যাবাদীকে ইসলাম কীভাবে ডিল করে, সেই উসুলটা নিচের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। হাদিস শাস্ত্র ইসলামের ইলম তথা জ্ঞানের এক সুবিশাল এবং সুবিস্তৃত ক্ষেত্র। নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটা কথা, দাঁড়ি-কমা সহ নির্ভুলভাবে কীভাবে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এক অপার রহস্য। এই কাজে মহান রব এমনকিছু মানুষকে নিয়োজিত করেছিলেন যারা নিজেদের জীবনকে শুধুমাত্র এই কাজের জন্য উৎসর্গ করেছিলেন। যাদের আমরা হাদিস শাস্ত্রের ইমাম বলে চিনি। ইমাম বোখারি, ইমাম মুসলিম, নাসায়ী, ইমাম তিরমিজি সহ অসংখ্য হাদিসের ইমাম এই ধারাটাকে সমৃদ্ধ করে গিয়েছেন। এইসকল ইমামগণ সেই সুপ্রাচীন আমলে, যখন গাড়ি ছিল না, বিমান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কখনো পায়ে হেঁটে, কখনো জাহাজে চড়ে, কখনো ঘোড়া বা গাধার পিটে সরওয়ার হয়ে, দুর্গম মরুভূমি পথ পাড়ি দিয়ে, রুক্ষ আবহাওয়ার সাথে পাঞ্জা লড়ে দেশ বিদেশে পাড়ি জমাতেন হাদিস সংগ্রহের জন্য। তারা পথের ক্লান্তিকে গায়ে মাখাতেন না, দুর্গম পথে বিপদের চোখ রাঙানিকেও তারা আমলে নিতেন না, খাবারের কষ্ট, পানির কষ্ট, ঘুম আর আরামের অভাব—কোনোকিছুই তাদেরকে এই অদম্য যাত্রা থেকে বিরত করতে পারত না। তবে একটা জিনিস তাদেরকে আটকে দিতো হাদিস সংগ্রহের যাত্রায়। আপনি জানেন সেটা কি? সেটা হলো—মিথ্যা। হাদিস সংকলনের ইতিহাসে মুহাদ্দিসদের এমন ঘটনাও আছে, একজন হাদিসের ইমাম কোনোভাবে জেনেছেন যে অমুক দেশে এক লোক আছে যার কাছে বিশুদ্ধ সূত্রের বরাতে আল্লাহর রাসুলের একটা হাদিস পৌঁছেছে। সেই ইমাম বহু কাঠখড় পুড়িয়ে, বহু পথ মাড়িয়ে সেই দেশে গিয়ে সেই লোকটার ঠিকানা খুঁজে বের করলেন শুধুমাত্র সেই হাদিসটা শোনার জন্য, যে হাদিসটা বিশুদ্ধ সূত্রের মাধ্যমে তার কাছে এসে পৌঁছেছে। তবে, তার ঠিকানায় গিয়ে উক্ত ইমাম জানলেন যে, যদিও তার কাছে যে হাদিস পৌঁছেছে সেটার সূত্র বিশুদ্ধ, কিন্তু লোকটার মিথ্যা কথা বলার বাতিক আছে। অর্থাৎ, সেই লোকটা লোকসমাজে মিথ্যাবাদী বলে খ্যাত ছিল। তারপর কী করেছেন সেই হাদিসের ইমাম, জানেন? সম্পূর্ণ ভিন্ন একটা দেশ, ভিন্ন একটা ভূখণ্ড থেকে এতো কষ্ট করে যাওয়ার পরেও, যে হাদিসটা সংগ্রহের জন্য গিয়েছেন সেটার সনদ অত্যন্ত মজবুত আর বিশুদ্ধ হওয়া সত্ত্বেও, উক্ত ইমাম সেই হাদিসটা সংগ্রহ না করে ফেরত চলে এসেছিলেন শুধুমাত্র এই কারণে যে—লোকটার মিথ্যা কথা বলার বদ-অভ্যাস ছিল। [আরিফ আজাদের লেখার প্যারাগ্রাফ সামান্য ওপর নিচ করে]

If you enjoyed this

Share
←JprevnextK→

More to read

সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা

পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…

The real "Unbowed"

বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!

পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…