এআই আপনাকে বেকার করতে পারবে না
প্রত্যেকাটা বড় প্রযুক্তিগত বিপ্লবের শুরুতেই মানুষের মনে একটাই ভয় কাজ করে - যন্ত্র কি মানুষকে পুরোপুরি বেকার করে দেবে? একজন পডকাস্ট উপস্থাপক Bri & Jeff বিষয়টি নিয়ে বলেছেন, ইতিহাসের প্রতিটি প্রজন্মই তাদের সময়ের সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তিটি নিয়ে ঠিক একই উদ্বেগে ভুগে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, বড় উদ্ভাবন কাজের সুযোগ ধ্বংস করে না, বরং নতুন কর্মসংস্থানের পরিধি আরও বহুগুণ বাড়িয়ে তোলে। যেমন ১৯০০ শতকের শুরুতে শহর যখন ঘোড়ার গাড়ির ওপর নির্ভরশীল হয় (শুধু নিউইয়র্কেই তখন প্রায় দুই লক্ষ ঘোড়া ছিল), তখন মোটরগাড়ি আসায় মাত্র ৩০ বছরের মধ্যে ঘোড়ার পরিচারক, কামার, গাড়ি নির্মাতা ও বর্জ্য পরিষ্কারের মতো পেশাগুলো হারিয়ে যায়। কিন্তু তার বিপরীতে তৈরি হয় আরও অনেক গুণ বড় এক নতুন অর্থনীতি—মেকানিক, কারখানার অ্যাসেম্বলি-লাইন কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, হাইওয়ে নির্মাণ শ্রমিক, ট্রাফিক ইঞ্জিনিয়ার, অটো ইন্স্যুরেন্স, মোটেল ও ডাইন-ইন রেস্তোরাঁ। একইভাবে বিদ্যুৎ আসার পর গ্যাসের বাতি জ্বালানো বা বাণিজ্যিক বরফ সংগ্রহের কাজ শেষ হয়ে গেলেও জন্ম নেয় হোম অ্যাপ্লায়েন্স, বিনোদন এবং আধুনিক কম্পিউটিং খাত। আশির দশকে পার্সোনাল কম্পিউটার এসে টাইপিস্ট ও ফাইলিং ক্লার্কদের বিদায় দিলেও সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যানালিসিস ও আইটি সাপোর্টের জন্ম দেয়। আবার ইন্টারনেট ও স্মার্টফোন এসে ট্রাভেল এজেন্ট, এনসাইক্লোপিডিয়া সেলসম্যান, জিপিএস ডিভাইস বা এমপিথ্রি প্লেয়ার বিলুপ্ত করলেও ই-কমার্স, ডিজিটাল ডিজাইন এবং অ্যাপ ও কনটেন্ট ক্রিয়েটরদের এক নতুন যুগ উন্মোচন করে। এমআইটি (MIT)-র অর্থনীতিবিদ David Autor এর ২০২৪ সালের গবেষণাপত্রেও এর সুস্পষ্ট প্রমাণ মেলে—যুক্তরাষ্ট্রে আজকের প্রায় ৬০ শতাংশের বেশি পেশার কোনো অস্তিত্বই ১৯৪০ সালে ছিল না। এই পরিবর্তনের গভীরতা বুঝতে দুটি অর্থনৈতিক নীতি দারুণ কাজ করে—‘এটিএম প্যারাডক্স’ এবং Jevons Paradox। ৭০ ও ৮০র দশকে স্বয়ংক্রিয় এটিএম বুথ আসার পর ধারণা করা হয়েছিল ব্যাংকের টেলারদের (ক্যাশ কাউন্টারের কর্মী) চাকরি শেষ। অথচ বাস্তবে এটিএমের কারণে শাখা পরিচালনার খরচ কমে যাওয়ায় ব্যাংকগুলো আগের চেয়ে অনেক বেশি শাখা খোলে। ফলে ১৯৭০-এর মাঝামাঝি থেকে ২০১০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাংক টেলারের সংখ্যা তিন লক্ষ থেকে বেড়ে প্রায় দ্বিগুণ (ছয় লক্ষ) হয়ে যায়; তাদের দায়িত্ব টাকা গোনার বদলে রূপ নেয় গ্রাহকসেবা ও আর্থিক পরামর্শে। অন্যদিকে, ১৮৬৫ সালে উইলিয়াম স্ট্যানলি জেভনস বাষ্পীয় ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি ও কয়লা ব্যবহারের ক্ষেত্রে দেখিয়েছিলেন যে কোনো সম্পদের ব্যবহার সহজ ও সাশ্রয়ী হলে তার চাহিদা কমে না, বরং আরও হু হু করে বাড়ে। এআই টুলের কারণে সফটওয়্যার তৈরির খরচ ও জটিলতা কমে যাওয়ার ফলাফলও তাই হবে; যেসব খাতে খরচের কারণে আগে সফটওয়্যার তৈরি করা যেত না, সেখানেও এখন সফটওয়্যার তৈরি হবে—যা সফটওয়্যার নির্মাতাদের সামগ্রিক চাহিদা বাড়িয়ে দেবে। ভবিষ্যতে কাজের সংকট হবে—এমন ভবিষ্যদ্বাণী আগেও ভুল প্রমাণিত হয়েছে। ১৯৩০ সালে প্রখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস ধারণা করেছিলেন, প্রযুক্তির উন্নতির ফলে এক শতাব্দীর মধ্যে মানুষকে সপ্তাহে মাত্র ১৫ ঘণ্টা কাজ করতে হবে। ১৯৬০-এর দশকে কারখানার আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র, ১৯৮০-র দশকে জাপানি রোবোটিক্স কিংবা ২০০০-এর দশকে অফশোরিং নিয়েও একই ধরনের গণ-আতঙ্ক তৈরি হয়েছিল। আসলে প্রযুক্তি কোনো আস্ত ‘পেশা’কে গিলে খায় না, বরং সেই পেশার মধ্যে নির্দিষ্ট কিছু রুটিন কাজকে automated করে। রুটিন কাজগুলো সহজ হয়ে গেলে মানুষ আরও গভীর কৌশলগত ভাবনা এবং জটিল সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেয় এবং জন্ম নেয় নতুন ক্ষেত্র। ১৮৯৯ সালের মানুষের কাছে যেমন ‘মোটেল ক্লার্ক’ পেশাটি কল্পনা করাই অসম্ভব ছিল, ঠিক তেমনি ২০১৯ সালেও ‘প্রম্পট ইঞ্জিনিয়ার’ বলে কোনো পদের কথা কেউ জানত না। বর্তমান জেনারেটিভ এআই-এর যুগেও বৈশ্বিক সামগ্রিক কর্মসংস্থানের হার স্থিতিশীল রয়েছে, যা নির্দেশ করে যে প্রযুক্তিগত পরিবর্তনে হারিয়ে যাওয়া কাজের জায়গাগুলো নতুন দায়িত্ব ও নিয়োগের মাধ্যমেই পূরণ হচ্ছে। তাই বর্তমান সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো—ভয় পেয়ে পিছিয়ে না থেকে নতুন টুলের ব্যবহার শেখা এবং মানুষের নিজস্ব দক্ষতায় শাণ দেওয়া। কৌতূহলী ও শেখার আগ্রহ থাকা মানুষ কখনোই প্রতিস্থাপিত হয় না, বরং তারা আরও স্বাধীন হয়।
সমৃদ্ধ সালতানাতে বাঙ্গালা
পাল, সেন, সুলতানী, মুঘল, ব্রিটিশ সকল পিরিয়ডেই বাংলা ভূখন্ড এতই ধনী আর উন্নত ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বণিকে…
The real "Unbowed"
বাংলাদেশকে টি-টুয়েন্টি থেকে বাদ দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত বর্তমান আইসিসি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ পাকিস্…
পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি!
পোলাপাইনের মাথায় এত্ত বুদ্ধি! বিশেষ করে ইয়াং জেনারেশন এখন সব দেখে আর বুঝে। জাতীয়তাবাদী দল যদি মনে করে আওয়ামী ল…